তেহরানে খামেনির পদত্যাগ দাবি করে বিক্ষোভ

১৭৬ আরোহীসহ ইউক্রেনের যাত্রীবাহী বিমান সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হওয়ার কথা স্বীকারের পর ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা নজিরবিহীনভাবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছেন।
শনিবার ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ করেন কয়েকশ’ মানুষ। অন্তত দু’টি বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা প্রথমে প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে জড়ো হলেও বিকেলের দিকে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এক পর্যায়ে নেতাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন তারা। বিক্ষোভকারীরা এ সময় প্লেন বিধ্বস্তের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি করেন।
এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। টেলিফোন আলাপে রুহানি বলেন, বিমান বিধ্বস্তের তদন্তে দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভুল বোঝার কারণেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে।



