
আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ আসছে ভালোবাসা দিবসে অধরা খান অভিনীত প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তি পেতে যাচ্ছে। এর আগে অধরা অভিনীত দুটি সিনেমা মুক্তি পেলেও এটিই তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।
রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এ ছবিতে অধরার বিপরীতে আছেন আসিফ নুর এবং সুমিত সেন। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা শাহীন সুমন। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়রাজ প্রমুখ।
মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে আশা প্রকাশ করে অধরা বলেন, এই ছবির মাধ্যমে নতুন এক অধরাকে খুঁজে পাবেন দর্শক। ছবিটি কিছুদিনের মধ্যে সেন্সরে জমা দেয়া হবে। শিগগিেই মুক্তি পাবে বলেও আশা করছি। এর আগে দুটি সিনেমা মুক্তি পেলেও আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। তাই এই ছবিটি নিয়ে আমার প্রত্যাশাও অনেক। আসলে প্রথম সবকিছুই তুলনাহীন।
এরআগে, শাহীন সুমনের ‘মাতাল’ ও ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’ নামে দুটি সিনেমায় অভিনয়ে দর্শকের নজরে আসেন অধরা খান। বর্তমানে তিনি অপূর্ব রানার পরিচালনায় ‘উম্মাদ’ ছবিতে অভিনয় করছেন। থ্রিলার অ্যাকশনধর্মী এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা রোশানকে।
এদিকে, নতুন বছরে নতুন ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু এখনও সে ঘোষণা আসেনি।



