
কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা ও থ্রিলিং চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে একই সঙ্গে দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। একটি নির্মিত হবে দেশের জন্য অপরটি আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য।
‘মাসুদ রানা’ নামের এই নির্মিতব্য সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা?’-এর চ্যাম্পিয়ন রাসেল রানাকে। এটি পরিচালনা করতে পারেন সৈকত নাসির। অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনের জন্য ‘মাসুদ রানা’ নির্মাণে থাকছেন হলিউড নির্মাতা আসিফ আকবর।
হলিউডের সিলভার নাইনের সাথে যৌথভাবে জাজের প্রযোজনায় এ ছবির নাম ‘এমআর- নাইন’। এতে মাসুদ রানা হিসেবে অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন। ‘এমআর- নাইন’-এ এবিএম সুমনের বিপরীতে থাকছেন জান্নাতুল পিয়া।
জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, প্রথমে ‘এমআর নাইন’-এর কাজ শুরু হবে। এরপর ‘মাসুদ রানা’। তবে ‘মাসুদ রানা’র পরিচালকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।



