
অনেক আলোচনার পর অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। দুইদিন আগেই বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে সেটি নিশ্চিত করে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে টি-টোয়েন্টি দিয়ে। আর এই টি-টি-টোয়েন্টি সিরিজের জন্য বাবর আজমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পিসিবি।
১৫ সদস্যর দলে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার, আহসান আলী, আমাদ বাট ও হ্যারিস রউফ। অধিনায়ক বাবর ছাড়াও দলে রয়েছেন ইফতিখার আহমেদ, অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, তরুণ পেসার মুসা খান, অভিজ্ঞ লেগ-স্পিনার সাদাব খান। এ তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ ও তরুণ বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি।
বিপিএলে দারুণ ফর্মে ছিলেন শোয়েব মালিক। এছাড়াও চোটের কারণে আগের সিরিজে দলে না থাকা পেসার আফ্রিদিকে রাখা হয়েছে ১৫ সদস্যর দলে। দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে আগামী ২৪ জানুয়ারি, লাহোরে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে তার পরেরদিন ২৫ জানুয়ারি একই ভেন্যুতে। এমনকি সিরিজের শেষ টি-টোয়েন্টিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, ২৭ জানুয়ারি।
টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। তারপর আবারো দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে ফেব্রুয়ারিতে পাকিস্তান যাবে বাংলাদেশ। সেটি শেষ করে আবারো দেশে ফিরবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান সুপার লিগের পরে। দ্বিতীয় টেস্টের আগে একটি ওয়ানডেও খেলবে দুই দল।
• পাকিস্তানের ১৫ সদস্যর দলঃ
- বাবর আজম-(অধিনায়ক)
- আহসান আলী
- আমাদ বাট
- হ্যারিস রউফ
- ইফতিখার আহমেদ
- ইমাদ ওয়াসিম
- খুশদিল শাহ
- মোহাম্মদ হাফিজ
- মোহাম্মদ হাসনিন
- মোহাম্মদ রিজওয়ান
- মুসা খান
- সাদাব খান
- শাহীন শাহ আফ্রিদি
- শোয়েব মালিক
- উসমান কাদির।



