
সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজউদ্দিন ওরফে রাজা সিরাজ নামে এক সাংবাদিকের বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মামলা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা।
১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার প্রচারে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ উল্লেখ করে তার ‘প্রতারণা’র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়। এতে নায়িকা অঞ্জনার ছবিও দেখা যায়।
এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তিনি এ মামলা করেন। দালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানানো হয়।
অঞ্জনার আইনজীবী হাজেরা আক্তার সাংবাদিকদের বলেন, এ ধরনের সংবাদ প্রকাশ হওয়ায় বাদীর পাঁচ কোটি টাকার মানহানি ও ক্ষতিসাধন হয়েছে। তাই তিনি (বাদী) আদালতে আসামি রাজা সিরাজের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০১/৩৮৫/৫০৬ ধারায় সিআর মামলা দায়ের করেছেন। আমরা আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।



