
পর্দা নামল অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রোববার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়।
চলচ্চিত্র ব্যক্তিত্ব ম হামিদের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসেবে দেয়া হয় এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট।
রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ৯ দিনব্যাপী এ উৎসবে ঢাকার সাতটি ভেন্যুতে ৭৪টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। পরে অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শাখায় বিজয়ী সেরা চলচ্চিত্রের পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে।
রেইনবো ফিল্ম সোসাইটি সূত্রে জানা গেছে, এবারের উৎসবে ৭৪টি দেশের প্রায় ২২০টি চলচ্চিত্র দেখানো হয়েছে। উৎসবে ‘এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরমা সেকশন, সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেন ফিল্মস্ সেকশন, ওম্যান ফিল্ম মেকারস্ সেকশন, শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস্ সেকশন এবং স্পিরিচুয়াল ফিল্মস্ সেকশন’-এই ৭টি বিভাগে ছবিগুলো প্রতিযোগিতা করে।
উৎসবের ছবিগুলো প্রদর্শন করা হয়- রাজধানীর অঁলিয়স ফ্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন, জাতীয় জাদুঘর মিলনায়তন, মধুমিতা হল ও স্টার সিনেপ্লেক্সে।



