
নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা পাওয়ায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বুধবার দুপুরে মিরপুরে কুটির শিল্প আয়োজিত সেরা ১০ নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিঁনি। এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুব অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, টাইগারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন গোয়েন্দা নজরদারী রাখছে। আর, এ কারণে পাকিস্তান সফর তিন ধাপে করা হয়েছে। এসময় তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান সফর শেষে সুন্দরভাবে দেশে ফিরবে বাংলাদেশ দল।
দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ দলের পাকিস্তান সফর ঘিরে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করে যাচ্ছে। পাকিস্তানে বাংলাদেশি ক্রিকেটারদের অনেক ভক্ত, বিশেষত তরুণরা মাঠে তাদের প্রিয় খেলোয়াড়দের খেলা দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
পাকিস্তান সফরে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে যথাক্রমে তিনটি টি২০, দুটি টেস্ট ও একটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।



