ভারতের চোখে সেরা বাংলাদেশি নির্মাতা তৌকীর আহমেদ

‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন নির্মাতা তৌকীর আহমেদ। তবে এবারের অর্জনটি দেশে নয়, ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এ।
গত ১৮ জানুয়ারি থেকে ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়ে গেল ৬ দিনব্যাপী ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেখানেই এই পুরস্কার তৌকীর আহমেদের হাতে তুলে দেয়া হয়।
উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে উপস্থিত ছিলেন, ফরাসি অভিনেত্রী ও প্রযোজক মেরিয়েন বোর্গো, ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালের মডারেটর ও অভিনেতা চার্লস থমসন, বাংলাদেশি লেখক ও নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ এবং ইরানি চলচ্চিত্র নির্মাতা হাসান নাজর।
তৌকীর আহমেদ ছাড়াও এই উৎসবে বাংলাদেশি পরিচালক মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মালা ভাবি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পেয়েছে স্পেশাল জুরি ম্যানশন অ্যাওয়ার্ড। আর এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য টুটুল চৌধুরী পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।



