ক্রিকেটখেলাধুলা

সুপার ওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের

আবারো সুপারওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের কাছে হারলো তারা। হ্যামিল্টনের পর ওয়েলিংটনও সুপার ওভারের শ্বাসরুদ্ধকার ম্যাচ উপহার দিলো ক্রিকেটামোদীদের। ক্রিকেট ইতিহাসে, এক সিরিজে প্রথমবার টানা দু’বার সুপার ওভার ম্যাচ।

ওয়েলিংটনের চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান। অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন মনিশ পান্ডে। লোকেশ রাহুল করেন ৩৯ রান। জবাবে, দ্বিতীয় উইকেটে কলিন মুনরো সঙ্গে ৭৪ রানের জুটির পর চতুর্থ উইকেটে রস টেইলরের সঙ্গে ৬২ রান যোগ করেন টিম সিফার্ট।

তাতেও জিততে পারেনি ‍নিউজিল্যান্ড। শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৭ রান। শার্দুল ঠাকুরের দুর্দান্ত বোলিংয়ে তারা ৬ রান নিতে সমর্থ হয়, আর হারায় চার উইকেট। এতে চেজিংয়ে, সফরকারীদের সমান রান করায় ম্যাচ হয়ে যায় ‘টাই’।

ফল নিষ্পত্তির জন্য ম্যাচ সুপার ওভারে গড়ালে সেখানে জয় তুলে নেয় বিরাট কোহলির দল। সুপারওভারে আগে ব্যাট করে স্বাগতিকরা করে ১৩ রান। ১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে লোকেশ রাহুলের ব্যাটে প্রথম দুই বলে ১০ রান সংগ্রহ করে সমীকরণটা সহজ করে নেয় তারা। রাহুল ফিরে গেলেও জয় নিশ্চিত করতে কোনো অসুবিধা হয়নি বিরাট কোহলির।

সংশ্লিষ্ট খবর

Back to top button