
নিশ্চিত হয়েছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের চার দল। ফাইনালের ওঠার লড়াইয়ে দেখা যাবে ভারতের-পাকিস্তান দ্বৈরথ। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আগামী চার ফেব্রুয়ারি যুবা বিশ্বকাপের প্রথম সেমিতে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। দুই দিন পর ছয় ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারের বিশ্বকাপে এ’গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভারত।
সেমিতে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয় কিউইরা। সি’গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে ওঠে পাকিস্তান। কোয়ার্টারে এসে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে সেমিতে জায়গা করে নেয় দলটি।
একই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আকবর আলী নেতৃত্বাধীন দলটি জায়গা করে নেয় সেমিতে।



