
প্রথম ছবি মুক্তির আগেই নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন, সিয়াম-পরীমনি জুটি। ছবির নাম অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। অন্যদিকে, মীর সাব্বিরের চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’ এ জান্নাতুল ফেরদৌস ঐশীর বিপরীতে নায়ক হয়েছেন ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর। আর ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের খলনায়ক হতে যাচ্ছেন তাসকিন রহমান।
সিয়াম আহমেদ ও পরীমনি প্রথমবার একসাথে অভিনয় করেছেন ‘বিশ্বসুন্দরী’ ছবিতে। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। প্রথম ছবি মুক্তির আগেই এ জুটি আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের।

২০১৮-১৯ অর্থবছরে সরকারী অনুদানপ্রাপ্ত ছবিটি নির্মিত হচ্ছে প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। উপন্যাস থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর চিত্রনাট্য করছেন জাকারিয়া সৌখিন।
খ্যাতিমান লেখক মুহম্মদ জাফর ইকবাল এই ছবির জন্য একাধিক গানও লিখেছেন।’ সুন্দরবনের বিভিন্ন লোকেশনে আগামী ১৩ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন নন্দিত অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। ‘রাত জাগা ফুল’ নামের সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। এতে জান্নাতুল ফেরদৌস ঐশীর বিপরীতে নায়ক হয়েছেন ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর।

‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটিতে আরও অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, মাজনুন মিজান। ২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত বছর ডিসেম্বরে।
কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় চরিত্র মাসুদ রানাকে নিয়ে নির্মিত হচ্ছে দু’টি সিনেমা। এর একটি পরিচালনা করছেন সৈকত নাসির। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’র চ্যাম্পিয়ন রাসেল রানা। এসব পুরনো খবর হলেও নতুন খবর হচ্ছে, এই সিনেমায় খলনায়ক চরিত্রের জন্য আলোচিত অভিনেতা তাসকিন রহমান অভিনয় করবেন।
এরই মধ্যে সিনেমাটির জন্য এই অভিনেতার সঙ্গে আলাপ করেছেন বলে জানিয়েছেন এর পরিচালক। এ প্রসঙ্গে সৈকত নাসির জানান, ভিলেন চরিত্রের জন্য তাসকিন রহমানকে ভাবছেন তিনি। যদি তার শিডিউলসহ অন্যান্য বিষয়াদি ঠিক থাকে তাহলে তাসকিনকে নিয়েই কাজ করবেন তারা।

‘মাসুদ রানা’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাসকিন নিজেও। তিনি বলেন, শুটিং শুরু আগেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। তাই এতে কাজ করার সুযোগ পাওয়ার ব্যাপারটি হবে বেশ আনন্দের।
২০১৮ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘পোড়ামন-২’ চলচ্চিত্রে ছিল বড়পর্দায় একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজের সর্বশেষ উপস্থিতি। দুই বছর পর আবারও সেলুলয়েডের পর্দায় হাজির হচ্ছেন এই তারকা। ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’।
সাফি উদ্দিন সাফি পরিচালিত এ ছবিতে তাকে পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যাবে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো এমন চরিত্রে আসছেন তিনি। ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এর শুটিং। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বাপ্পি চৌধুরী ও নবাগত উষ্ণ হককে।

গেল বছর পর্দায় এসেছিল ‘অন্ধকার জগৎ’ সিনেমা। যেখানে জুটিবেঁধে হাজির হন ডিএ তায়েব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। আবারও একসঙ্গে আসছেন তারা। নতুন সিনেমার নাম ‘অফিসার’। চমক হিসেবে এবার ডিএ তায়েব নিজেই পরিচালনা করছেন ছবিটি। এরইমধ্যে শেষ হয়েছে এর প্রথম লট। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘অফিসার’ এ আরও অভিনয় করছেন অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজ, আনহা তামান্না। এ ছাড়া ‘ঈশা খাঁ’ নামের নতুন একটি সিনেমায় মাহি তায়েবের সঙ্গে অভিনয় করছেন বলে জানা গেছে।



