
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীর চলতি বছরের প্রথম ছবি ‘বীর’। যা মুক্তি পেতে যাচ্ছে আসছে ভালোবাসা দিবসে। তার আগে বাড়তি চমক যোগ করলো ছবির প্রথম গান।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘তুমি আমার জীবন’ গানটি প্রকাশের মধ্য দিয়ে সামনে আসে বছরের প্রথম চমক। মুখিয়ে থাকা শাকিব ভক্ত ও দর্শকরা মুহূর্তে মেতে উঠেন নেট দুনিয়ায়। শাকিব খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তির পর পুরোপুরি রোমান্টিক ধাঁচের এ গানটি প্রকাশের পরপর লুফে নিচ্ছেন দর্শকরা।
যে গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের দুই শিল্পী ইমরান-কোনাল। কবির বকুলের লেখা এ গানটিতে সংগীতায়োজন করেছেন আকাশ সেন।
একই শিরোনামে মোস্তফা আনোয়ারের ‘অবুঝ হৃদয়’ ছবিতে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। আশির দশকের তুমুল জনপ্রিয় গানটির শুধু প্রথম অংশটুকু ব্যবহার করা হয়েছে ‘বীর’-এর গানে।



