
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল কাল। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে প্রথমবারের মতো শিরোপা জেতার মঞ্চে ওঠা বাংলাদেশ। বৈশ্বিক কোন আসরে প্রথম ফাইনাল খেলার চাপ সামলে, কতোটা মেলে ধরতে পারবে আকবার আলির সতীর্থরা-তাই দেখার অপেক্ষায় দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
জাতীয় ক্রিকেট দল যেখানে ফ্যাকাসে পারফর্মেন্স, তখন রঙ্গীন পোশাকের খেলায় আলো ছড়াচ্ছে যুব টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আকবর আলি-মাহমুদুল হাসানরা প্রথমবারের মতো বাংলাদেশকে নিয়ে গেছেন শিরোপা জেতার চুড়ান্ত মঞ্চে।
মাঠের পারফর্মেন্সের সাথে তাল মিলে প্রত্যাশার পারদটাও যেন তাই একটু বাড়তি, টাইগার সমর্থকদের মনে। সত্যিই যদি শিরোপাটা নিয়ে ফেলে বাংলাদেশ! তাহলে পাল্টে যাবে বাংলা ছেলেদের ক্রিকেটের ভাবমূর্তিও। আর তা করতে হলে, স্নায়ুচাপ সামলে সতর্কভাবেই খেলতে হবে নিজেদের স্বাভাবিক খেলাটা।
টিম মনে করছে, সেমিতে কিউই বধের ম্যাচে মাহমুদুল হাসান জয় শতক করার পর আউট হওয়াটা মোটেও শোভন ছিলো না। ভারতের সঙ্গে পরীক্ষাতে এরকম এক-আধটু ভুলও করা যাবে না।
ফাইনালে শক্ত প্রতিপক্ষ ভারত। এই আসরে দুর্দান্ত ক্রিকেট খেলে দর্শকদের চোখ কপালে তুলে দিয়েছে তারাও। আবার প্রতিবেশী দেশের সঙ্গে ফাইনাল ম্যাচ, বাড়তি চাপের। ভারতের বিপক্ষে জাতীয় দল বা বয়সভিত্তিক, সবক্ষেত্রেই ফাইনালে হারটাই যেন স্বাভাবিক দৃশ্য।
কিন্তু এবার ব্যতিক্রম কিছু দেখার প্রত্যাশায় দর্শকরা। তার জন্য বিশেষ কিছু নয়, মাঠে শুধু ঠান্ডা মাথার পরিকল্পনায় আসল হাতিয়ার। বিশেষ করে ব্যাটিং ফেভারিট ৪ বারের চ্যাম্পিয়নদের হারানোর দুঃসাহস দেখাতে, টাইগারদের বোলিং উইংকেই নিতে হবে দায়িত্ব। তাই, মনোবল শানিয়ে নিচ্ছেন শরিফুল ইসলাম-তানজিম সাকিব ও রাকিবুল হাসানরা।
তবে মাঠের ফলাফল যাই হোক, প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের ফাইনালে লাল-সবুজরা। শিরোপার লড়াইমঞ্চে বেজে উঠবে ‘আমার সোনার বাংলা’; টাইগার যুবাদের এমন কৃতিত্বও জাতির অন্যন্য অর্জন।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



