ঢালিউডবিনোদন

নির্মিত হচ্ছে ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‘ঈসা খাঁ’

এবার ইতিহাসভিত্তিক নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন, পরিচালক ডায়েল রহমান। মূখ্য চরিত্রকে কেন্দ্র করে সিনেমার নাম রাখা হয়েছে ‘ঈসা খাঁ’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন, ডিএ তায়েব এবং চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

সিনেমাটির ফার্স্ট লুকে ‘ঈসা খাঁ’ রূপে হাজির হয়েছেন ডিএ তায়েব। ইতোমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই। ডায়েল রহমান বলেন, ‘ঈসা খাঁ’ সিনেমার ফার্স্ট লটের শুটিং শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। গাজীপুরের কালিয়াকৈর জমিদার বাড়িতে শুটিং করবো। সেখানে হবে ঈসা খাঁ’র প্রাসাদের অংশের দৃশ্যধারণ করা হবে।

এর আগেও পরিচালক ডায়েল রহমান ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ও টেলিভিশন ফিকশন নির্মাণ করেছেন। এর মধ্যে চলচ্চিত্র ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’, টেলিভিশন ধারাবাহিক ‘রাজা গৌড় গোবিন্দ’, ‘বাংলার বারো ভূইয়া’, টেলিফ্লিম ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘রজকিনী-চন্ডীদাস’, ‘ক্ষুদিরামের ফাঁসি’ অন্যতম।

গত ডিসেম্বরের ২০ তারিখ ডায়েল রহমানের ইতিহাসভিত্তিক সিনেমা ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ মুক্তি পায়। সিনেমাটি এখনও দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। পরিচালকের প্রথম ছবি ‘হৈমন্তী’ । ‘ঈসা খাঁ’ নির্মাতার তৃতীয় সিনেমা।

প্রসঙ্গত, মুঘল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারদের প্রধান ছিলেন ঈসা খাঁ (ঈসা খান)। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারী স্থাপন করেন। এরপর তৎকালীন মুঘল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাঁধে। সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হচ্ছে ‘ঈসা খাঁ’।

সংশ্লিষ্ট খবর

Back to top button