
আজ বুধবার দেশে ফিরছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দল। এদিকে, সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত বিসিবি। সকালে ঢাকায় পৌছার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফ্লাইট সূচি বদলে যাওয়ায় আকবর আলিরা দেশে পা রাখছে বিকেল পাঁচটায়।
জুনিয়র টাইগারদের প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হবে। এরপর নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের পর থাকছে নৈশভোজের ব্যবস্থা।
আজকের দিনে এই অনুষ্ঠানসূচীই রেখেছে বিসিবি। দক্ষিণ আফ্রিকায় প্রায় দেড় মাস অবস্থানের পর তরুণরা যাতে দ্রুততম সময়ের মধ্যে পরিবারের সান্নিধ্যে যেতে পারে এজন্য আনুষ্ঠানিকতা লম্বা করতে চায় না বিসিবি।
সংবধর্নার প্রধান অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী হবে বলে জানিয়েছে বিসিবি।



