ঢালিউডবিনোদন

ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কাজী হায়াৎ

মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন নির্মাতা কাজী হায়াৎ। প্রায় ছয় মাস নিউইয়র্কে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার নির্মাণ শুরু করলেন শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা ‘বীর’। আর এর মধ্যদিয়ে ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন এই প্রবীণ নির্মাতা।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই নির্মাতা ‘বীর’ সিনেমার প্রসঙ্গে বলেন, ‘কত দিন বাঁচব জানি না। আবার সিনেমা করতে পারব, কখনোই ভাবিনি। হয়তো “বীর” আমার শেষ ছবি। শাকিব তার প্রযোজনার ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে, এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’ বলেই কেঁদে ফেলেন কাজী হায়াৎ।

এসময় তিনি আরও বলেন, এই ছবি করতে গিয়ে আমি অনেকের প্রতি রাগান্বিত হয়েছি, বকা দিয়েছি; প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ, “বীর”–এর পর আবার অ্যাকশন-কাট বলে ছবি নির্মাণ করতে পারব কি না, এর কোনো গ্যারান্টি নাই। এখানেই হতে পারে সমাপ্তি।

নিজের প্রযোজিত এবং অভিনীত ‘বীর’ নিয়ে শাকিব খান বলেন, ‘বেশি দিন না, চার–পাঁচ বছর আগের কথা। সকালে এক ছবিতে, দুপুরে এক ছবিতে এবং ডাবিং বা রাতে আরেক চলচ্চিত্রে কাজ করতাম। এভাবেই চলত আমাদের দিনকাল। দারুণ সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমাদের চলচ্চিত্র।

কিন্তু হঠাৎ করে এক ঝোড়ো হাওয়ায় আস্তে আস্তে চলচ্চিত্রের দুর্দিন নেমে এল। তবে এদিনও থাকবে না। দিন ফিরবে আমাদের চলচ্চিত্র শিল্পে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button