
দেশের শিল্পী ও শিল্পের সুরক্ষায় বিদেশি মডেল দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করে তা টেলিভিশনে প্রচার করলে সরকার বাড়তি ট্যাক্স আরোপের চিন্তা করছে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে টিভি নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সঙ্গে মতবিনিময় সভা শেষে রাজনৈতিক প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, দেশের শিল্পী ও শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য একটি নিয়মনীতি প্রবর্তন করতে যাচ্ছে সরকার।
তিনি আরও জানান, আমাদের দেশের শিল্পীদের যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও তারা কাজ হারাচ্ছেন। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, মুক্তবাজার অর্থনীতিতে যে কেউ যে কাউকে দিয়ে বিজ্ঞাপনচিত্র বা কোনো কিছু বানাতে পারে।
কিন্তু সেটির জন্য এখন থেকে শিল্পীর পাশাপাশি যারা বানিয়ে আনবে তাদেরকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে।



