
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিরিজে সফলতার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ’র কন্ঠে। আর সফরকারীদের চাওয়া, এ ফরম্যাটে একটি জয় তুলে স্বাগতিকদের চমকে দেয়া।
বাংলাদেশ সফরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। দুই ফরম্যাটেই হার। এবার মান বাচানোর লড়াই। তাতে খেলতে হবে সেরার, সেরাটা নিংড়ে। প্রতিপক্ষ বাংলাদেশ দারুণ ছন্দে থাকলেও, টি-টোয়েন্টিতে নিজেরাও খারাপ নয় তা আরেকবার জানান দিলেন, রোডেশিয়ানদের অধিনায়ক শন ইউলিয়ামস।
তিনি জানান, ম্যাচটা সহজ হবে না, জিততে হলে পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ফরম্যাটে আমাদের স্কিল ভালো। আশাবাদী জয়ের দেখা পাবো।
এদিকে, স্বাগতিকরা ছন্দে ফিরেছে সে কথা বলার সময় এখনো আসেনি। কারণ, বর্তমান প্রতিপক্ষের চেয়ে তারা স্বাভাবিকভাবেই অনেকটা এগিয়ে। এ ছাড়া বর্তমান স্কোয়াডে থাকা দলটাকেই প্রস্তুত করা হবে আসন্ন বিশ্বকাপের জন্য বলে জানালেন, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক, মাহমুদউল্লাহ।
আজ (সোমবার) সন্ধ্যা ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।



