
শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেলো শাকিব খান-নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনি পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে শতাধিক সিনেমা হলে।
বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রোদেলা জান্নাত, আহম্মেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডনসহ অনেকে।
অপরদিকে, মাত্র দুটি হলে মুক্তি পেয়েছে ‘হলুদবনি’। যার কেন্দ্রীয় চরিত্রে আছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার অভিনেতা পরমব্রত ও পাওলি দাম। বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন, বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।
ছবির অপর প্রযোজক ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেওয়া হয়েছে।
এছাড়াও একই দিন মুক্তি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চল যাই’। শুক্রবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে চলচ্চিত্রটি মুক্তি পায়।
খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ। আর অনুদান করেছেন সোহানী হোসেন।
‘কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ আরও অনেকে।



