
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশভুষা অনুকরণ করে পরিচিত পাওয়া গোপালগঞ্জের আরুক মুন্সিকে এবার বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে রূপালি পর্দায়।
‘শেখ রাসেলের আর্তনাদ’ শিরোনামে একটি শিশুতোষ চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করছেন তিনি; চলচ্চিত্রটি পরিচালনা করছেন সালমান হায়দার। এতে আরুক মুন্সির বিপরীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চরিত্রে চিত্রনায়িকা মৌসুমীর অভিনয়ের কথা জানিয়েছেন পরিচালক সালমান।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির একটি স্থিরচিত্র। বঙ্গবন্ধুর চশমা, গোঁফ ও কেশবিন্যাস অনুকরণ করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে জন্ম নেওয়া আরুক মুন্সিকে দেখতে ভিড় করেন অনেকে; তার কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন।
সেই সূত্র ধরেই চলচ্চিত্রে অভিনয়ের ডাক পেলেন আরুক; যিনি চাকরির সুবাদে ঢাকায় বাস করেন।



