
করোনা ভাইরাস ঠেকাতে সমর্থকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভাইরাস থেকে দূরে থাকতে সবাইকে সংস্পর্শ ও ছোঁয়া এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া, করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা। আর শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে।
এদিকে, প্রাণের খেলায় ফিরতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন ক্রিস গেইল-শিখর ধাওয়ানসহ অন্যরা।
অন্যদিকে, বিদেশ থেকে ফিরে করোনার সতর্কতার হিসেবে কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। একইসঙ্গে রয়েছেন, তরুণ দুই ক্রিকেটার সাদমান ইসলাম অনিক ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।
বিসিবির প্রধান চিকিৎসক নিজেই এ তথ্য জানিয়েছেন। তারা তিনজনই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সরকারি নির্দেশ মানতেই হোম কোয়ারেন্টাইনে গেছেন বলেও জানান তারা।
এ সময়, দেশের মানুষের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মেনে চলারও আহবান জানান বিসিবির চিকিৎসক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় সাদমান ও মৃত্যুঞ্জয়ের সফল অস্ত্রপ্রচার হয়েছে। মাঠে ফিরতে তাদের তিন মাসের মত সময় লাগবে।



