
করোনা মহামারীতে থমকে থাকা ফুটবলকে মাঠে ফেরাতে তোড়জোর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার। ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ম্যাচ আয়োজনের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে সংস্থাটি। বাংলাদেশেরও বাকি আছে চারটি ম্যাচ।
জাতীয় দলের খেলোয়াড়রাও উদগ্রীব হয়ে আছেন মাঠে ফেরার জন্য। তাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
বৈশ্বিক মহামারী কারণে লম্বা সময় ধরে থমকে আছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। তবে সমস্যা উতরে বিভিন্ন দেশে ফিরতে শুরু করেছে, ঘরোয়া লিগগুলো। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, মাঠে খেলা ফেরার উদ্যোগ নিতে, ঘোষণা করেছে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের সম্ভাব্য তারিখ।
যেখানে আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ফিরতি লেগ খেলবে জামাল ভূঁইয়ার দল। পাঁচদিনের ব্যবধানে কাতারের মাঠে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে তারা। আর ঘরের মাঠে ১২ নভেম্বর ভারত এবং ১৭ তারিখ ওমানের বিপক্ষে ই’গ্রুপের শেষ ম্যাচ খেলবে জেমি ডে’র শিষ্যরা।
বাফুফেও প্রস্ততি নিতে শুরু করেছে নতুনভাবে। নতুন করে কোচ জেমি ডে’র সাথে আরো দুই বছরের জন্য চুক্তিও সেড়ে নিয়েছে তারা, এবার মাঠে নামার প্রস্তুতি। জাতীয় দলের আরেক ডিফেন্ডারের মতে, ঘরের মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায়, হোম অ্যাডভান্টেজ কাজে লাগানো সম্ভব।
বাছাইপর্বের চার ম্যাচ খেলে এক পয়েন্ট অর্জন বাংলাদেশের। বাকী চার ম্যাচে সমান দুটিতে জয় আর ড্র করতে পারলে জামাল ভূঁইয়াদের মোট পয়েন্ট দাঁড়াবে ৯। সেক্ষেত্রে অন্তত এশিয়ান কাপে খেলার সুযোগ টিকিয়ে রাখতে পারবে লাল-সবুজরা।
মোহাম্মদ হাসিব, বাংলাটিভি



