
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে জন্মভূম রাজশাহীতে খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় সমাধিস্থলে সমাহিত হলেন বাংলা চলচ্চিত্রের গানের সম্রাট এন্ড্রু কিশোর। এর আগে সকাল ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ নেয়া হয় স্থানীয় সিটি চার্চে।
সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। কিছু সময় চার্চেই রাখা হয় শিল্পীর কফিন। স্বল্প পরিসরে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে সমাহিত করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে উপস্থিত হন। ঢাকা থেকে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা জয় চৌধুরীসহ অনেকে।
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৬ জুলাই রাজশাহীতে বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন এয়ার অ্যাম্বুলেন্সযোগে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর।



