
ম্যানচেস্টার টেস্টে ৩ উইকেটে ২০৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। দিন শেষে ৮৬ রানে অপরাজিত সিবলি তার সঙ্গে ৫৯ রানে দিন শেষ করেছেন স্টোকস।
হঠাৎ বড় বিপদে পড়া ইংল্যান্ডকে সেখান থেকে টেনে তুলেছেন স্টোকস-সিবলি। চতুর্থ উইকেট জুটিতে দুজন ৫০ ওভারের বেশি ব্যাটিং করে এখনো অবিচ্ছিন্ন। রান তুলেছেন ১২৬টি। অবশ্য এই জুটি ভাঙার বড় একটা সুযোগ হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যক্তিগত ৬৮ রানের মাথায় শ্যানন গ্যাব্রিয়েলের বলে স্লিপে ক্যাচ দেন সিবলি। কিন্তু রাখতে পারেননি জেসন হোল্ডার। জমে যাওয়া জুটি ভাঙার সুবর্ণ সুযোগ পেয়ে হারালেন ক্যারিবিয়ান অধিনায়ক। জীবন পেয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন সিবলি।
তার সঙ্গে বেন স্টোকসের শতরানের জুটিতে দ্বিতীয় টেস্টে বড় সংগ্রহের ভিত গড়েছে ইংল্যান্ড। বিকেল ৪টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।



