
এবারের ঈদেও খুলছে না সিনেমা হল- এমনই আভাস দিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। তবে হল মালিকদের একাংশসহ সিনেমা প্রযোজনার সঙ্গে জড়িত অনেকেই স্বাস্থ্যবিধি ও শর্ত সাপেক্ষে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক হলেও এখনো পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এবারের ঈদেও সিনেমা হলগুলো খোলা হচ্ছে না বলে জানিয়েছেন, সিনেমা হল মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন।
অন্যদিকে রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন নির্মাতারা। সবমিলিয়ে জটিল এক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চলচ্চিত্রাঙ্গনে।
এদিকে, গেল তিন মাস থেকে সিনেমা হলগুলো বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকা লোকসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিনেমা হলের মালিক ও কর্মচারীরা।
এই সমস্যা কাটিয়ে উঠতে ও চলচ্চিত্রের অবস্থার পরিবর্তন আনতে সিনেমা হলগুলো দ্রুতই খুলে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।



