ঢালিউডবলিউডবিনোদন

কবীর সুমনের কথা-সুরে গাইলেন আসিফ

‘আমি আল্লাহকে সব বলে দেবো’ এই বলে অসম্ভব অভিমান নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল বোমায় আহত ৩ বছর বয়সী এক সিরীয় শিশু। বিষয়টি ভীষণভাবে নাড়া দিয়ে যায় পুরো বিশ্বকে। যা দাগ কেটে গিয়েছিল বিষয়ভিত্তিক গানের অন্যতম গায়ক কবীর সুমনকেও।

শিশুর বলে যাওয়া সেই বাক্যকে ধরে গান বেঁধেছেন সুমন। যা কণ্ঠে তুলেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। এটিই নয়, তিন-তিনটি গান তারা একসঙ্গে তৈরি করছেন। যার প্রথম কিস্তি হলো ‘সিরিয়ার ছেলে’। আবেগময় কথার এ গানটি গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন আসিফ।

২১ জুলাই এআরবি এন্টারটেইনমেন্টের ব্যানারে আসিফের ইউটিউব চ্যানেলে, প্রকাশ পেয়েছে ‘সিরিয়াল ছেলে’ গানটি। গানটির কথা ও সুর কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব কবীর সুমনের। আর সংগীতায়োজন করেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। বাংলা এ গানটিকে সরাবিশ্বে ছড়িয়ে দিতে এর ভিডিওতে ব্যবহার করা হয়েছে ইংরেজি ও আরবি সাবটাইটেল।

গানটির বিষয়ে আসিফ আকবর বলেন, ‘মানবপ্রেম তার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গায় অবস্থান করে। কবির সুমন সে রকম অনুভূতিরই গান লেখেন সব সময়। এই গানটিও তার ব্যতিক্রম নয়। সিরিয়ার সেই শিশুটি, যে বলেছিল আল্লাহর কাছে বিচার দেবে, তাকে নিয়ে এ গান।

গানটি শ্রোতাদেরও বেশ পছন্দ হয়েছে। প্রকাশের কয়েক ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে এটি শোনা হয়েছে ৫০ হাজারের বেশিবার। কমেন্ট সেকশনে গানটির প্রশংসা করছেন সবাই।

সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন জানান, কবির সুমনের লেখা ও সুর করা একটি গানের সংগীতায়োজন করা তার জন্য গর্বের। আসিফ আকবরও তার কাছের মানুষ। সব মিলিয়ে কাজটি করে ভালো লেগেছে।’

এ গানটি করার আগে একদমই চেনা-পরিচয় ছিল না সুমন ও আসিফের। গানটির প্রকাশ উপলক্ষে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন সুমন। তিনি জানান, বাংলাদেশে তার এক নবীন বন্ধু আছে, তার নাম মীর আরিফ বিল্লাহ। তিনিই কিছু দিন আগে আসিফের সম্পর্কে বলেন।

এরপর ইউটিউবে তার গান শুনেন। আসিফের কণ্ঠ ও ব্যক্তিত্ব কবির সুমনের পছন্দ হয়। এভাবেই আসিফ আকবরের সঙ্গে তার পরিচয়। তিনি আরও জানা, জীবনসায়াহ্নে এই বাহাত্তরে চলমান জীবনে, এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা।

এদিকে সুমনের এমন দুহাত উজাড় করা প্রশংসায় ‘ধন্যবাদ’ জানাতে কার্পণ্য করেননি আসিফও। ভিডিওটি শেয়ার করে নিজের ফেসবুক পেজে লিখেন, ‘জীবনে এর চেয়ে বেশি কিছু লাগে না। ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন দাদা। কৃতজ্ঞতা, ভালোবাসা অবিরাম’।

জানা গেছে, শিগগিরই কবীর সুমনের কথা ও সুরে আরও দুটি গান প্রকাশ করবেন আসিফ।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button