ঢালিউডবিনোদন

হাসপাতালের বিছানায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ফারুক

আজ ১৮ আগস্ট চলচ্চিত্র অভিনেতা পরিচালক, প্রযোজক ও সংসদ সদস্য নায়ক ফারুকের জন্মদিন। তবে বিশেষ এ দিনটি ভালো যাচ্ছে না তার। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

জানা গেছে, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন তিনি। শরীরে ভীষণ জ্বর। দুবার করোনা টেস্ট করা হয়েছে। দুবারই নেগেটিভ ফল এসেছে। হাসপাতালের বিছানায় শুয়েও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ‘মিয়া ভাই’ খ্যাত এই নায়ক।

জন্মদিন প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমি কখনও নিজের জন্মদিন পালন করি না। এর কারণ, এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। মহান এই মানুষটিকে যে মাসে হারিয়েছি, সে মাসে আনন্দ-উল্লাস করতে আমার মন টানে না। তাই ৭৫-এর পর থেকে এ দিনটি আমি নীরবে কাটাই। অনেকে আমাকে শুভেচ্ছা জানান, এটুকুই।’

ফারুক ১৮ আগস্ট ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। আবার তোরা মানুষ হ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

‘লাঠিয়াল’ ছবির জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সফল নায়কদের অন্যতম ফারুক ২০১৮ সাল থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button