
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে কোনো পরিকল্পনা নেই বিসিবির। তবে পরিকল্পনা চলছে ঘরোয়া লিগ নিয়ে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আগামী বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিন্তা-ভাবনা করা হবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। কিন্তু সবকিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে।
বিপিএলের কথা বললেই সবার আগে মাথায় আসে বিদেশি খেলোয়াড়দের কথা ও প্রোডাকশনের কথা। এইগুলো যদি আনতে পারি তাহলে করা যাবে। বাংলাদেশের মতো ভারতেও করোনার অবস্থা নাজুক। তাই দুবাইতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
আগামী বছর পরিস্থিতি ঠিক না হলে বিসিবির তেমন কোনো পরিকল্পনা থাকবে কি না, জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘দেশের বাইরে এটা (টুর্নামেন্ট) সহজ নয়। বাংলাদেশে চালাতে গিয়েই আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব কষ্ট হয়। সেখানে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়।



