
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব আসার আগেই বিমানবন্দরে দেশসেরা ক্রিকেটারকে স্বাগত জানাতে হাতে ব্যানার আর ফুল নিয়ে জড়ো হন ভক্ত-সমর্থকরা। ভক্তদের নিরাশ করেননি সাকিবও। বিমানবন্দরের কাজ শেষে ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তির মধ্যেও সাকিবের অভিব্যক্তি ভক্তদের বুঝিয়ে দিয়েছে, ক্রিকেটে ফিরতে কতটা মুখিয়ে আছেন তিনি। তাই স্বাভাবিকভাবে এবারের ফেরাটা সাকিবের কাছেও অন্যরকম।
জুয়াড়ির প্রস্তাব গোপন করে গত বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। দেখতে দেখতে শেষ হয়ে গেছে সাকিবের নিষেধাজ্ঞা। চলতি বছরের ২৯ অক্টোবর থেকে ফের ক্রিকেটে সাকিব। ঘরের মাঠে কদিন বাদে গড়াবে বিসিবি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ওই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন হবে দেশসেরা ক্রিকেটারের।
বিকেএসপিতে নয়,মিরপুর শেরেবাংলায় দলের বাকি সদস্যদের সঙ্গেই অনুশীলন করবেন সাকিব। আগামী সোমবার সতীর্থদের সঙ্গে ফিটনেস পরীক্ষা দেবেন তিনি। এরপর শুরু হবে ফেরার প্রস্তুতি। সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার এখন বাংলাদেশি তারকা।
বাংলাটিভি/শহীদ



