
শশাঙ্ক মনোহরের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হয়েছেন গ্রেগ বার্কলে। পেশায় আইনজীবী বার্কলে ২০১২ সাল থেকেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে ছিলেন।
একই সঙ্গে আইসিসিতে তাদের প্রতিনিধি ছিলেন। এছাড়া ২০১৫ বিশ্বকাপের পরিচালকের ভূমিকাতেও দেখা গেছে তাকে। নতুন ভূমিকার কারণে এখন কিউই বোর্ডের পদ ছাড়বেন। আর স্থলাভিষিক্ত হবেন অন্তর্বর্তী চেয়ারম্যান ইমরান খাজার।
বার্কলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটির পর। গত সপ্তাহে প্রথম রাউন্ডে ইমরান খাজার সঙ্গে ভোটাভুটিতে বার্কলে এগিয়ে ছিলেন ১০-৬ ব্যবধানে। কিন্তু চেয়ারম্যান হতে গেলে ১৬ সদস্যের বোর্ড থেকে ভোটের প্রয়োজন ছিল ১১টি (দুই তৃতীয়াংশ)। এই রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ১১তম ভোট প্রাপ্তির পরই নিশ্চিত হয় তার বিজয়।
জয়ের পর উচ্ছ্বসিত বার্কলে বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার আইসিসির সহকর্মী, পরিচালকদের সহযোগিতা জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করছি, আমরা এক সঙ্গে খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মহামারি পরিস্থিতি কাটিয়ে আরও শক্ত অবস্থানে যেতে পারবো।’



