
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে শিরোপা জিতলো জেমকন খুলনা। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে মাহমুদুল্লাহর দল।
কাগজে কলমে গাজী গ্রুপ চট্টগ্রামের চেয়ে ফেভারিট জেমকন খুলনা। তবে শিরোপা জয়ের মিশনের শুরুটা ভালো ছিলো না তাদের। জহুরুল-জাকির-ইমরুলদের আসা যাওয়ার মিছিলেও স্পটলাইট কেড়ে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
তার ৪৮ বলে ৭০ রানের হার না মানা ইনিংসে, দল পায় লড়াইয়ের মতো সংগ্রহ। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান করে খুলনা। ১২০ বলে ১৫৬ রানের টার্গেট, ব্যাটসম্যানদের লাইনআপে এই সংগ্রহ খুব বেশি মনে না হলেও ম্যাচের পারফমেন্সে এবার দলকে হতাশ করেন লিটন-সৌম্য-মিঠুনরা।
৯৬ রানে ৪ উইকেট হারানোয়, শঙ্কা জাগে বড় পরাজয়ের। তবে পঞ্চম উইকেটে মোসাদ্দেক-সৈকত আলির ৪৭ রানের জুটিতে জয়ের আশা দেখতে থাকে গাজী গ্রুপ চট্টগ্রাম। মোসাদ্দেক ১৪ আর সৈতক ৫৩ রান করে বনে যাচ্ছিলেন ম্যাচ ঘোরানোর নায়ক।
কিন্তু ১৯ ওভারের পরপর দুই বলে, পেসার শহীদুল ইসলাম দুই উইকেট নিয়ে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় খুলনা। শেষ বলে, ৬ উইকেটে ১৫০ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



