বিনোদনবলিউড

কঙ্গনা রনৌত এবার ইন্দিরা গান্ধী

বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌত এবার অভিনয় করবেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। তবে কঙ্গনা রনৌত জানিয়েছেন, সিনেমাটি ইন্দিরা গান্ধীর আত্মজীবনী বা বায়োপিক নয়।

ভারতের ইতিহাসে ‘আইরন লেডি’খ্যাত নেত্রী ইন্দিরা গান্ধীর শাসনামালে টালমাটাল কিছু পরিস্থিতির ইতিহাস ও রাজনীতি ঘিরে নির্মিত হতে যাচ্ছে এ পিরিয়ড ড্রামা। এতে আরও কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে কয়েকজন বড় মাপের অভিনেতা অভিনয় করবেন।

সিনেমাটি একটি বই অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে সেটা কোন বই তা খোলসা করেননি এই অভিনেত্রী। ইন্দিরা গান্ধীর শাসনামলে ‘জরুরি অবস্থা’ এবং ‘অপারেশন ব্লু স্টার’ ফুটিয়ে তোলা হবে এই সিনেমায়। এতে শুধু ইন্দিরা গান্ধী নয়, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই ও লাল বাহাদুর শাস্ত্রীকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতের কৃষক আন্দোলনের মধ্যে খালিস্তানপন্থীদের অনুপ্রবেশ ও অস্থিরতার প্রেক্ষিতে ইন্দিরা গান্ধীর আমলে পরিচালিত অপারেশন ব্লু স্টারের যোগসূত্র মেলানো হতে পারে এ সিনেমায়।

সিনেমাটি পরিচালনা করবেন সাই কবির। ইতোপূর্বে তিনি কঙ্গনার সঙ্গে ‘রিভলভার রানি’ সিনেমায় কাজ করেছেন। তিনিই এই সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করছেন। প্রযোজনা করবেন কঙ্গনা রনৌত।

সংশ্লিষ্ট খবর

Back to top button