
না ফেরার দেশে চলে গেলেন ‘স্বামী কেন আসামী’ খ্যাত নির্মাতা মনোয়ার খোকন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ‘দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে পরিচালক সমিতি।
১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক ঘটে মনোয়ার খোকনের। এই পরিচালক ‘স্বামী কেন আসামী’ ও ‘মেয়ারাও মানুষ’ ছবি নির্মাণ করে ব্যাপক সাফল্য পান।
উল্লেখযোগ্য ছবির মধ্যে আরও রয়েছে- ‘সংসারের সুখ-দু:খ’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘খুনি শিকদার’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’ ইত্যাদি। এই পরিচালকের সবশেষ পরিচালিত ছবি ‘পাওয়ার’।



