বিনোদনঢালিউড

স্ফুলিঙ্গ: অভিনয়ে পিন্টু ঘোষ, ট্রেইলার মুক্তি ১মার্চ

তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম সিনেমা স্ফুলিঙ্গ-তে এমন একজনকে অভিনেতা হিসেবে হাজির করেছেন তৌকীর, যার নাম শুনলে চমকে উঠবেন অনেকে। গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে যার খ্যাতি, সেই পিন্টু ঘোষ এবার নাম লিখিয়েছেন অভিনেতা হিসেবেও।

তৌকীর আহমেদের সবশেষ দুইটি সিনেমাতেই সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন তিনি। ফাগুন হাওয়ায় সিনেমায় পিন্টু এবং সুকন্যার গাওয়া ‘তোমাকে চাই’ গানটা তো হয়েছিল তুমুল জনপ্রিয়। একই জুটির গাওয়া হালদা সিনেমার নোনাজল গানটিও জনপ্রিয়তা পেয়েছিল। সেই পিন্টু ঘোষ এবার স্ফুলিঙ্গ সিনেমায় সঙ্গীত পরিচালনার পাশাপাশি আবির্ভূত হলেন অভিনেতা হিসেবেও।

পিন্টু ঘোষ গানের মানুষ, একদম ছোটবেলায় গানে হাতেখড়ি। ক্ল্যাসিক্যাল মিউজিকটা ছিল তার সবচেয়ে প্রিয়। চিরকুট ব্যান্ডে যোগ দেয়ার পর প্রথম প্রচারের আলোয় এসেছিলেন, এই ব্যান্ডের সঙ্গে তার প্রায় একযুগের সংসার। এরপর ব্যান্ড ছেড়েছেন, একলা চলো রে নীতিতে চলা শুরু করেছেন।

স্ফুলিঙ্গ’র গল্পটা মূলত ভার্সিটি পড়ুয়া তরুণদের একটা ব্যান্ডদলকে নিয়ে। সেই গল্পে উঠে আসবে একাত্তর, আসবে মুক্তিযুদ্ধের চেতনাও। পঞ্চাশ বছর আগের ও বর্তমানের দুটো আলাদা সময়ের গল্প বলবে স্ফুলিঙ্গ। যেহেতু গানের দলকে নিয়েই সিনেমার গল্প, আর চরিত্রটাও একজন মিউজিশিয়ানের, তাই পরিচালক তৌকীর আহমেদের মাথায় এসেছিল এই চরিত্রে পিন্টু ঘোষকে ব্যবহার করার কথা।

পিন্টু নিজে যদিও আত্মবিশ্বাসী ছিলেন না শুরুতে, কারণ তিনি গানের মানুষ, অভিনেতা তো নন। কিন্ত ফেলতে পারেননি তৌকীরের অনুরোধ। পিন্টু জানান, “অভিনয় করাটা আমার পেশা না। আমি গানের মানুষ। কিন্তু যখন জানলাম দেশের গান একটা সিনেমায় থাকছে আর সিনেমাটা বেসিক্যালি মিউজিশিয়ানদের নিয়ে, তখন তৌকীর ভাইয়ের অনুরোধ ফেলতে পারলাম না।

এদিকে, ১লা মার্চ প্রকাশ্যে আসছে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার অফিশিয়াল ট্রেইলার। এর আগে মুক্তি পেয়েছে স্ফুলিঙ্গ’র ফার্স্ট লুক, অফিশিয়াল পোস্টার। ভালোবাসা দিবসে এসেছে রোমান্টিকধর্মী গান ‘তোমার নামে’। সেটি সাড়াও ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে।

এবার ট্রেইলারের মাধ্যমে সিনেমার আগমনীবার্তা জানান দেয়া হবে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯শে মার্চ। এর আগে ১৯ই মার্চ সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

স্ফুলিঙ্গ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং পরীমনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button