দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এর সাথে যুক্ত হয়েছে করোনা প্রতিরোধী বিধি-নিষেধ। আর এই সুযোগেই বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের সবজির দাম। এমনিতেই রমজান আসলে বেগুন, শসা, টমেট, ধনেপাতা, কাঁচামরিচ পেঁয়াজসহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। ফলে এর দামও কিছুটা বাড়ে। তবে এ বছর যেন লাগাম ছাড়িয়েছে এসব পণ্যের বাজার দর।
রমজান আর সাধারণ ছুটির অজুহাতে রাজধানীতে বেড়ে গেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের বাজারদর। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তবে গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে মুরগির দাম। আর চাল ডাল ও মাছের দাম রয়েছে গেল সপ্তাহের মতই।
বিক্রেতারা বলছেন, পরিবহন সংকটে সরবরাহ কমে যাওয়ায়, বেড়ে গেছে সব ধরনের কাঁচা সবজির দাম।
এই মহামারির সময়ে নিত্যপণ্যের দাম বাড়াকে অযৌক্তিক- দাবি ক’রে, সরকারের কাছে বাজার তদারকির কথা বলছেন সাধারণ ক্রেতারা। সরবরাহ ভালো থাকায় অনেকটা কম বিভিন্ন প্রজাতির মাছের দাম। তবে ক্রেতা না থাকায় বিক্রিও কম বলে জানালেন, বিক্রেতারা।
এদিকে, অনেকটাই ক্রেতাশূন্য রাজধানীর বেশিরভাগ চালের বাজার। তাই নতুন করে দামেরও খুব একটা হেরফের হয়নি বলে জানালেন বিক্রেতারা।
আর, দুর্মূল্যের এই বাজারের কিছুটা স্বস্তি মিলছে মুরগির দামে। প্রায় সব ধরনের মুরগির দামই আগের তুলনায় কিছুটা কমেছে। এ ছাড়া গরু-খাসির মাংসও রয়েছে স্থিতিশীল।
বাংলাটিভি/রাজ



