সবাইকে বিমানবন্দর ছাড়তে বলছে তালেবান

রোববার কাবুল শহর তালেবানদের দখলে চলে যাওয়ার পর কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এবং বাইরে তালেবান আতঙ্কে দ্রুত দেশ ছাড়তে চাওয়ার সময় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এমন তথ্য জানিয়েছে তালেবান এবং নেটোর কর্মকর্তারা।
একজন তালেবান কর্মকর্তা বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন, বন্দুকের গুলি বা পদপিষ্ট হয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। তিনি জানান, যাদের ভ্রমণের বৈধতা নেই, তাদের উচিত বাড়ি ফিরে যাওয়া। দেশ ছাড়ার আশায় এখনও বহু মানুষ ওই এয়ারপোর্টে ভিড় করে আছে।
তালেবান সদস্য আরও বলেন, আমরা বিমানবন্দরে কাউকে আঘাত করতে চাই না। তবে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি ওই কর্মকর্তারা। ভ্রমণের বৈধ কাগজপত্র বা ফ্লাইটের প্রতিশ্রুতি না থাকলেও বুধবার রাতেও বহু মানুষ কারজাই বিমানবন্দরে জড়ো হতে থাকে।
তালেবান বাহিনী যখনই বিমানবন্দরের গেট খুলেছে, তখনই বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ে মানুষজন। তখন সতর্ক করে দিতে ফাকা গুলি ছোড়ে তালেবান যোদ্ধারা। আর এতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বন্দুকের গুলি বা পদপিষ্ট হয়ে হয়ে অনেকে মারা যায়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৈধ কাগজপত্র থাকার পরও বাহিনীর সশস্ত্র সদস্যরা স্থানীয় লোকজনকে বিমানবন্দরে আসতে বাধা দিচ্ছেন।
অন্যদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একজন মার্কিনিকেও আফগানিস্তানে ফেলে আসবে না যুক্তরাষ্ট্র।
বাংলাটিভি/ডেস্ক/নিহান



