অর্থনীতিঅন্যান্যবানিজ্য সংবাদবিশ্ব বানিজ্য

সোনার দাম বাড়লো, ভরিতে দেড় হাজার টাকা

ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে দে‌শের বাজা‌রে ভা‌লোমা‌নের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়।

সোনার এই নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।

রোববার (২২ আগস্ট) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছেন।

বাজুস জা‌নি‌য়ে‌ছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও বিভিন্ন জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও বিভিন্ন দাফতরিক জটিলতার কারণে গোল্ড ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না। তাছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ২২ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫১ হাজার ২৬৩ টাকা।

শনিবার (২১ আগস্ট) পর্যন্ত ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।

তবে এখন পর্যন্ত, রুপা আগের নির্ধা‌রিত দামেই রয়েছে।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button