আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৪৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত ও কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭ জনে দাঁড়িয়েছে।নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। গত শনিবার এই হামলা চালায় পাকিস্তান।
রবিবার বার্তা সংস্থা এএফপিকে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, খোশত প্রদেশে পাকিস্তানের সীমানা বিভাজনকারী রেখা ডুরাল্ড লাইনের কাছে পাকিস্তানি বিমান হামলায় ৪১ জন নিহত হয়। আহত হয় আরও অন্তত ২২ জন।
এদিকে আরেক আফগান কর্মকর্তা জানান, কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে শিশুদের মরদেহের ছবি প্রকাশ করে জানানা হয়েছে, এসব শিশু পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছে। এই ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিক্ষোভে পাকিস্তানবিরোধী স্লোগানও দেয়া হয়। এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সামরিক বাহিনী।
গত বছর তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ দাবি করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে নিয়মিত হামলা চালাচ্ছে। কিন্তু তাদের এ অভিযোগ অস্বীকার করেছে তালেবান।
তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের সঙ্গে আফগান সরকারের যোগাযোগ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার কাজটি করছিল ইসলামাবাদ। কিন্তু পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার পূর্বসূরি ইমরান খানের মতো আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানকে সাহায্য করবে কিনা তা স্পষ্ট নয়।



