কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মন্তব্য, মার্কিন কূটনীতিককে তলব

নির্বাচনের সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রবল আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে নয়াদিল্লি। জার্মানির পর এবার কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনার প্রতি নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। এমন ঘটনায় বুধবার দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অস্থায়ী উপরাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
বুধবার ভরতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অস্থায়ী উপরাষ্ট্রদূত গ্লোরিয়া বারবেনাকে দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। প্রায় ৪০ মিনিট পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন বারবেনা। তাঁকে বলা হয়, কেজরিওয়ালের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে, তা অবাঞ্ছিত ও অনভিপ্রেত।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে- আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরিওয়ালের বিষয়ে মন্তব্য করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা গ্লোরিয়া বারবেনাকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে সাউথ ব্লক। প্রসঙ্গত, ভারতের সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে অংশে অবস্থিত সেই অংশকে সাউথ ব্লক হিসেবে আখ্যা দেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যমের দাবি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা গ্লোরিয়ার বারবেনা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতার প্রসঙ্গে বলেছিলেন, ওয়াশিংটন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও সময়োপযোগী আইনি প্রক্রিয়া গ্রহণের ব্যাপারে ভারত সরকারকে উৎসাহিত করেছে ।
এর আগে ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। তার আগে গত বছরের নভেম্বর থেকে দিল্লি আবগারি দুর্নীতিসংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রীকে ৯ বার তলব করে; কিন্তু কোনোবারই সাড়া দেননি কেজরিওয়াল। কেবল একবার ভার্চুয়ালি তাদের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে ইডি সে কথায় রাজি হয়নি।
এ অবস্থায় কেজরিওয়াল গ্রেফতারের আগে দিল্লি হাইকোর্টে জামিন নিতে গেলে তা নাকচ হয়ে যায়। তারপর রাতেই ইডি কেজরিওয়ালকে তার দিল্লির বাসভবন থেকে গ্রেফতার করে। সেই থেকে কেজরিওয়াল কারাগারেই আছেন। সেখান থেকে দিল্লি সরকার পরিচালনার দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



