তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প,সুনামি সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে অনুভূত হয় ৭ দশমিক ৪ মাত্রার কম্পন। সংবাদ মাধ্যম বিবিসি,,সিএনএন ও আল জাজিরা এই সংবাদ দিয়েছে।
গত ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের কারণে দ্বীপরাষ্ট্রটিসহ প্রতিবেশী দেশ জাপান ও ফিলিপাইনে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
সংবাদে বলা হয়, তাইওয়ানের পূর্ব উপকূলের কাছাকাছি পানিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। হুয়ালিন থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ৩৫ কিলোমিটার গভীরের ছিল উৎপত্তি স্থল। তাইওয়ানের মনিটরিং এজেন্সি কম্পনের মাত্রে ৭ দশমিক ২ বললেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে ৭ দশমিক ৪।
তাইওয়ানের রাজধানী তাইপেতে এ সময় মহাসড়কগুলোতে যানবাহনগুলো একপাশে চেপে যায় এবং শহরের সাবওয়ে সেবা বন্ধ হয়ে যায়। পুরোনো ভবনগুলো থেকে আস্তরণ খসে পড়ে এবং সেগুলোতে থাকা আসবাবপত্র এলোমেলো হয়ে যায়।সকালে ভূমিকম্পের আফটার শক শুরু হয় প্রথম কম্পনের ১৫ মিনিট পরে এবং তা পরবর্তী এক ঘণ্টা বজায় থাকে।
রাজধানী তাইপেতে কয়েকটি ভবন বিধ্বস্তের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত জানা যায়নি এখনও। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ জাপান ও চীনেও। ভূমিকম্পের ১৫ মিনিট পর সুনামিও হয় জাপানের ইয়োনাগুনি দ্বীপে।
বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।অনেকে ভবন এবং টানেলে আটকা পড়েছেন।
তাইওয়ানে ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের পরিচালক উ চিয়েন ফু জানান, ১৯৯৯ সালের ভূমিকম্পে দুই হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার পর এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। তিনি আরও জানান, সমগ্র তাইওয়ানজুড়ে এবং সাগরের অন্যান্য দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে।
অন্যদিকে জেএমএ জানিয়েছে, জাপানের ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপগুলো থেকে লোকজনকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব এলাকায় ৩ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এই সতর্কতার পর ওকিনাওয়া বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফিলিপাইনের উপকূরীয় এলাকাগুলোতেও উচ্চমাত্রার সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা উপকূল এলাকার বাসিন্দাদের অতিদ্রুত উঁচু এলাকাগুলোতে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



