দাবি আদায়ে ঢাকার পথে কুয়েটের ৮০ জন শিক্ষার্থী
উপাচার্য, উপ-উপাচার্যের পদত্যাগ, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকায় আসছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ।
রোববার সকাল আটটার দিকে দু’টি বাসে করে প্রায় ৮০ জন শিক্ষার্থী ঢাকার পথে রওনা হন।
ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তারা।
“আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। এজন্য আমরা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব। এরপর নিরাপদ জায়গায় চলে যাব। সেখান থেকেই অনলাইনে আমাদের কার্যক্রম চলবে,” ঢাকার উদ্দেশ্যে রওনার আগে সংবাদ সম্মেলনে বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
“যতদিন দাবি পূরণ না হচ্ছে, ততদিন ক্যাম্পাসে ফিরবো না,” বলেন তারা।
উল্লেখ্য যে, ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই ঘটনার পর থেকে হামলাকারীদের শাস্তি, উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।



