বিশ্ববাংলা

মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল রানা: মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। গতকাল রাজধানী মালেতে অবস্থিত “চিত্রন বাই লেমন গ্রাস” রেস্টুরেন্ট-এ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মালদ্বীপে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী প্রবাসী সাংবাদিকরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ ২৪ এর মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, ফোরামের সাধারণ সম্পাদক ও সময় টিভির মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক ও প্রবাস মেলার মালদ্বীপ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি ও ওয়ান নিউজ বিডি এর মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলম, যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার মালদ্বীপ প্রতিনিধি কাদের আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ এর আনোয়ার হোসেন রাজু সহ উপস্থিত ছিলেন হাই কমিশনের সেক্রেটারি ও কর্মকর্তা বৃন্দ।

ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রবাসী সাংবাদিকরা প্রবাসজীবনের অভিজ্ঞতা ও বাস্তবতাকে দেশের সামনে উপস্থাপন করেন। তাদের কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল হয়।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের সমস্যা, অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। হাইকমিশন সব সময় মিডিয়াবান্ধব অবস্থান বজায় রাখবে এবং আপনারা যেকোনো সহযোগিতার জন্য নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।”

মতবিনিময় সভায় প্রবাসী সাংবাদিকরা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যা ও চ্যালেঞ্জ, হাইকমিশনের সেবা প্রাপ্তি ও যোগাযোগ সহজীকরণসহ নানা বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আলোচনাপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হাইকমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের সভার আয়োজনের আহ্বান জানান।

সভা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এইচএম / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button