মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা জারি

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) হাইকমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে কোনোভাবেই পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করতে হবে এবং তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে।
হাইকমিশন আরও জানায়, বাংলাদেশ থেকে মালদ্বীপগামী যাত্রীরা কোনোভাবেই সিগারেট বা বিড়ি বহন করতে পারবেন না। এ ধরনের অপরাধ সংঘটিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আর্থিক জরিমানা দিতে হবে। একইসঙ্গে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন কঠোরভাবে নিষিদ্ধ এবং মালদ্বীপের আইনে এ অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এছাড়া বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বহনের ফলে জরিমানা ও অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হতে পারে। রান্না করা খাবার বহন করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস, পলিব্যাগ বা এ ধরনের অন্য কোনো সামগ্রী বহন করা যাবে না। এসব সামগ্রী বহন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ভ্রমণকারীদের নিরাপত্তা ও দেশের সুনাম রক্ষায় এই নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। তাই মালদ্বীপে ভ্রমণকালীন প্রত্যেককে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।



