
আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে ভারতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মৃত্যুবরণ করেছেন। ৮৯ বছর বয়সে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর ফিল্মফেয়ারের।
মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত জটিলতায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। ভক্ত, সহকর্মী, নির্মাতা—সবাই গভীর শোক প্রকাশ করেছেন। ‘হি-ম্যান’ ও ‘ধরম পাজি’ নামে পরিচিত এই অভিনেতা ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় দাপটের সঙ্গে আধিপত্য বিস্তার করেছেন।
ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। ২০১২ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।
সর্বশেষ ২০২৪ সালে শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত তেরি বাতোঁ মোঁ অ্যায়সা উলঝা জিয়া চলচ্চিত্রে শাহিদের দাদার ভূমিকায় দেখা যায় তাকে। রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতেও তার অভিনয় ছিল প্রশংসিত। তার শেষ অভিনীত চলচ্চিত্র হতে যাচ্ছে ইক্কিস, যেখানে তিনি অভিনয় করেছেন অগত্স্য নন্দার দাদার চরিত্রে। এ ছবিটিই হবে তার চূড়ান্ত পর্দা উপস্থিতি।



