অন্তর্বর্তী সরকারকূটনীতিবাংলাদেশ

হাসিনাকে ফেরাতে আগের চিঠির উত্তর পাইনি, এবার পাব: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে সেই চিঠির উত্তর এখনো আসেনি। এ বিষয়ে এত দ্রুত কোনো প্রতিক্রিয়া পাওয়ার আশাও করছে না ঢাকা।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে’ জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর এখনো আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।”

চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমরা বলেছি, যেহেতু তাকে বিচারে সাব্যস্ত করা হয়েছে কাজেই তাকে যেন ফেরত দেওয়া হয়।”

এর আগে গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক আসতে চাইলে অনুমতি দেওয়া হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা কোনো সহায়তাও করব না, যদি না নির্বাচন কমিশন আমাদের বলে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button