
জেমস ক্যামেরন এবং অ্যাভাটার, দু’টি নামই সিনেমাপ্রেমী মানুষদের হৃদয়ে জায়গা করে আছে বিস্ময়কর মুগ্ধতায়। যার শুরু হয়েছিল ২০০৯ সালে। ‘অ্যাভাটার’ নামের এক মহাকাব্যিক কল্পবিজ্ঞান সিনেমা দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। ২ দশমিক ৯ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড করে সিনেমাটি।
২০২২ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য ওয়ে অব ওয়াটার’। দ্য হলিউড রিপোর্টার-এর তথ্যমতে, এটি করোনা পরবর্তী সময়েও প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে। শুধু আয়ের রেকর্ড নয়, বিশাল ক্যানভাসের এই সিনেমা দর্শকদের চোখে যে বিস্ময় জাগিয়েছে তার ঘোর কাটানো দুস্কর! সুখবর হলো, আবার পর্দায় আসছে ‘অ্যাভাটার’।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিনেমা। এবারের সিনেমার নাম ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। বাংলাদেশের দর্শকরাও খুশি হতে পারেন এজন্য যে, সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
সম্প্রতি লন্ডনে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই যেন রীতিমতো ‘পানডোরা ঝড়’! প্রদর্শনী শেষে সমালোচকদের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় ক্যামেরন আবারও তার ‘ভিজ্যুয়াল জাদু’তে সবাইকে মুগ্ধ করেছেন।
সমালোচক কোর্টনি হাওয়ার্ড সরাসরি লিখেছেন ‘অ্যাভাটার ৩’ মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে সিনেমা দেখা জরুরি! কলাইডারের পেরি নেমিরফ বলেছেন, “পানডোরায় ফিরে যাওয়ার মতো অনুভূতি হয়েছে সিনেমাটি দেখে। এ যেন নীল-আধার পানডোরা আবার ডাকছে!”



