খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

যে বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধিরা

ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হওয়া শঙ্কা এখনও কাটেনি। ভারতে খেলতে না যাওয়ার ‘অনড় অবস্থানের’ কথা আবারও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইসিসির সঙ্গে সবশেষ ভিডিও বৈঠকে একই সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবির সঙ্গে আলোচনায় বসতে তাই ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কাছে প্রশ্ন যায় ক্রিকেটের সবশেষ অবস্থা নিয়ে। বলেছেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছেন যে, আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার কোন সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার ঘটনার শুরু মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কেকেআর থেকে আনুষ্ঠানিকভাবে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়া বাংলাদেশি পেসারকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয় ভারতের সরকার। এর জেরে একই কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতের মাটিতে বিশ্বকাপে খেলা প্রসঙ্গ প্রশ্ন তোলে এবং জানিয়ে দেয় নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চায় লাল-সবুজের দল। এরপর থেকে একের পর এক ঘটে চলেছে নাটকীয়তা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপপর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে আয়োজনের সূচি রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button