খেলাধুলাক্রিকেট

জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু শ্রীলংকার

কুশল মেন্ডিসের হাফ-সেঞ্চুরি ও দুনিথ ওয়েলালাগের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল শ্রীলংকা।

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকা ১৯ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। কুশল অপরাজিত ৯৩ রান এবং ওয়েলালাগে ১২ বলে ২৫ রানের পাশাপাশি ২ উইকেট শিকার করেন।

কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৩ বলে ৫০ রানের সূচনা করে শ্রীলংকা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ২১ ও কামিল মিশারা ২৭ রান করেন।

মিডল অর্ডারে ধনাঞ্জয়া ডি সিলভা ১০ ও অধিনায়ক চারিথ আসালঙ্কা ১৭ রানে ফিরলে ১২৪ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৮৮ রানের জুটি গড়ে শ্রীলংকাকে বড় সংগ্রহের পথে রাখেন কুশল ও জানিথ লিয়ানাগে। ৫টি চার ও ২টি ছক্কায় লিয়ানাগে ৪৬ রানে আউট হলে এক প্রান্ত আগলে ৩৫তম হাফ-সেঞ্চুরি তুলে নেন কুশল।

ইনিংসের শেষ দিকে ওয়েলালাগের ১২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৫ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। ১১টি চারে ১১৭ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন কুশল। বল হাতে স্পিনার আদিল রশিদ ৪৪ রানে ৩ উইকেট নেন।

জবাবে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৬ রানে থামেন ওপেনার জ্যাক ক্রলি। দ্বিতীয় উইকেটে ১৪৬ বলে ১১৭ রানের জুটি গড়েন বেন ডাকেট ও জো রুট। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন। ডাকেট ৬২ ও রুট ৬১ রান করেন।

দলীয় ১৪৪ রানের মধ্যে ডাকেট ও রুট ফেরার পর মিডল অর্ডারে চার ব্যাটার বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। জ্যাকব বেথেল ১৫, অধিনায়ক হ্যারি ব্রুক ৬, জশ বাটলার ১৯ ও স্যাম কারান ৫ রানে আউট হন। এতে ১৬৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

সপ্তম উইকেটে ৩৮ রানের জুটিতে ইংল্যান্ডের রান ২শ পার করেন রেহান আহমেদ ও জেমি ওভারটন। কিন্তু ১০ রানের ব্যবধানে ৩ উইকেটের পতন হয়। ২১৯ রানে ইংল্যান্ড নবম উইকেট হারালে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় শ্রীলংকা। শেষ উইকেটে ২২ বলে ৩৯ রানের জুটিতে লংকানদের জয়কে বিলম্বিত করেন ওভারটন ও রশিদ। শেষ পর্যন্ত ৪ বল বাকী থাকতে ২৫২ রানে গুটিয়ে হার মানে ইংল্যান্ড। ওভারটন ১৭ বলে ৩৪ রান করেন।

প্রমোদ মাধুশান ৩৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ওয়েলালাগে।

১-০ ব্যবধানে এগিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলংকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button