৩৫ দিন আগে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছেন: রাশেদ প্রধান

ফেনীতে আয়োজিত এক বিশাল জনসভায় বিএনপির বর্তমান নেতৃত্ব এবং তারেক রহমানকে লক্ষ্য করে তীর্যক মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জেলা জামায়াত আয়োজিত এই সমাবেশে তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভূমিকার কড়া সমালোচনা করেন।
রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে কাটিয়ে মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে একজন ‘নব্য মুফতি’ দেশে এসেছেন। তিনি এখন সারা দেশে ঘুরে ঘুরে বিভিন্ন বিষয়ে ফতোয়া দিচ্ছেন। অথচ এই দীর্ঘ সময় তিনি ভিডিও কল, স্কাইপ আর জুমে রাজনীতি করেছেন। তখন বাংলাদেশের কোন লন্ডনে তিনি ছিলেন, তার জবাব আগে দিতে হবে। মিথ্যা অহংকার ত্যাগ করুন।”
বিএনপির বর্তমান অবস্থার সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন,বর্তমান বিএনপি আর খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে নেই। দলটি এখন নব্য স্বৈরাচারী, চাঁদাবাজ ও জালেমদের আখড়ায় পরিণত হয়েছে।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর।



