বাংলাদেশনির্বাচন

ভোট দিলেন চরমোনাই পীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন চরমোনাইর পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

বরিশাল জেলার ছয়টি আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। একই সময়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে নারী ভোটারের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা ও ভোটারদের সহযোগিতায় সক্রিয় রয়েছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ কেন্দ্রে দুজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলাজুড়ে ১,৩৮২ জন পুলিশ সদস্যের পাশাপাশি ৯৯টি মোবাইল টিম ও ১২টি স্ট্রাইকিং টিম কাজ করছে। প্রতিটি উপজেলায় গড়ে ১০০ জন এবং মহানগর এলাকায় ৪০০ জন সেনাসদস্য মোতায়েন রয়েছে। এছাড়া দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে সেনা টহল দল দায়িত্ব পালন করছে। বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে—এর মধ্যে পাঁচ প্লাটুন বরিশাল সদরে এবং বাকি নয় প্লাটুন অন্যান্য উপজেলায়। র‌্যাবের ছয়টি বিশেষ টহল দলও মাঠে রয়েছে।

দুর্গম হিসেবে ঘোষিত হিজলা, মেহেন্দিগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নদীবেষ্টিত হওয়ায় জলপথেও নজরদারি জোরদার করা হয়েছে। নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সালাম’ নদীপথে অবস্থান করছে, যেখানে ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করছেন। মেহেন্দিগঞ্জের পাঁচটি ইউনিয়নে কোস্টগার্ডের দেড় শতাধিক সদস্য মোতায়েন রয়েছেন। নদীসংলগ্ন আটটি কেন্দ্রে নৌপুলিশ কাজ করছে। অধিকাংশ কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বরিশালের ছয়টি আসনে মোট কেন্দ্র সংখ্যা—বরিশাল-১ এ ১২৯টি, বরিশাল-২ এ ১৪০টি, বরিশাল-৩ এ ১২৬টি, বরিশাল-৪ এ ১৪৯টি, বরিশাল-৫ এ ১৭৬টি এবং বরিশাল-৬ এ ১১৩টি। প্রতিটি আসনেই সাধারণ, গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

এবারের নির্বাচনে বরিশালের ছয়টি আসনে বিএনপির মনোনীত ছয় প্রার্থীর বিপরীতে অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটার সংখ্যার হিসেবে বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে সর্বোচ্চ ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এছাড়া বরিশাল-১ এ ৩ লাখ ২৩ হাজার ৮১৭ জন, বরিশাল-২ এ ৩ লাখ ৮০ হাজার ৪৯৬ জন, বরিশাল-৩ এ ৩ লাখ ২৭ হাজার ৮৯৫ জন, বরিশাল-৪ এ ৪ লাখ ১৭ হাজার ৫৪ জন এবং বরিশাল-৬ এ ৩ লাখ ১০ হাজার ৪৯৭ জন ভোটার রয়েছেন। প্রতিটি আসনেই পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারও অন্তর্ভুক্ত রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button